শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি

 

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি

            
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একইসাথে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী।
১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করা অবস্থায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী।

২৬ জানুয়ারি সকালে অনশনস্থলে এসে লেখক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান।

তবে শিক্ষার্থীরা অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবি ক্যাম্পাসে যাচ্ছেন মন্ত্রী। শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষামন্ত্রী সফরের একদিন আগে প্রক্টর ড. মো. আলমগীর কবিরকে অব্যাহতি দেয়া হলো।

তথ্য সূত্র: independent tv

পাঠকের মন্তব্য

Comments

Popular posts from this blog

সৌরমণ্ডলীয় ঝড়ে ৪০টি স্যাটেলাইট ধ্বংস

ওমিক্রনে শিশুদের আক্রান্তের হার বেশি

এইচএসসির ফল রোববার